রাজধানীতে এসি বিস্ফোরণে প্রাণ গেল মেকানিকের

রাজধানীর নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামে এক মেকানিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই অনিক বর্মন জানান, তার ভাই পেশায় এসি মেকানিক। সকালে নয়াপল্টনের ওই দোকানে এসি মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ এসিতে বিস্ফোরণ ঘটে। এতে জীবন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অনিক বর্মন আরও জানান, তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভাটপাড়া এলাকায়। নিহত জীবন বর্মন ওই এলাকার সচিন বর্মনের ছেলে। তিনি রাজধানীর কোনাপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছিলেন ছোট।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
