উত্তরায় রেস্টুরেন্টের চোরাই মালসহ গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরা রেস্টুরেন্ট থেকে চুরি হয়ে যাওয়া চোরাইল মালামালসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ইয়াকুব আলী (২৮), নয়ন হাসান (২০) ও নুরুল আলম (৩৫)।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (১৫ জুন) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে উত্তরার জমজম টাওয়ারের ইয়াংহাং রেস্টুরেন্টের চুরি হয়ে যাওয়া ২৪ পিস বারবিকিউ সস, ১২ লিস ফ্রিশ সস, ১২ পিস এলপি সস, ২৪ পিস এলপি সস, ২৪ পিস বেবি কন, ২৪ পিস গ্রিন কন, ৩০ পিস মাশরুম, ২০ পিস ভিনেগার উদ্ধার করা হয়।
ডিসি মির্জা তারেক বলেন, গত রোববার (১৪ জুন) দুপুর ১২টা থেকে সোমবার (১৫ জুন) বিকেল ৫টার মধ্যে ওই রেস্টুরেন্টের স্টোর রুম থেকে মালামাল চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় রেস্টুরেন্টটির মার্কেটিং ম্যানেজার মুরাদ হোসেন বাদী হয়ে একটি মামলা করেছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং চুরি হয়ে যাওয়া মালামালগুলো উদ্ধার করে।
