Advertisement

হবিগঞ্জ থেকে ৮৬ কেজি গাঁজার চালান ঢাকায়, গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
হবিগঞ্জ থেকে ৮৬ কেজি গাঁজার চালান ঢাকায়, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যানে করে ঢাকায় আসছিল গাঁজার একটি বড় চালান। তবে শেষ রক্ষা হয়নি। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ টিমের জালে ধরা পড়েছে ৮৬ কেজির এই বিশাল চালানটি। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী-মগবাজার সড়কের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাব পোস্ট অফিসের সামনে থেকে এই চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পিকআপ চালক মো. বাবুল হাসান (২৩) ও মাদক চক্রের অন্যতম সদস্য মো. রাসেল মিয়া (৩৬)।

উপ-পরিচালক শামীম আহম্মেদ জানান, তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা গোপন সূত্রে খবর পান, হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে ‘ঢাকা মেট্রো-ন-১৫-৫৪০৮’ নম্বরের একটি পিকআপ ঢাকার দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে তেজগাঁও সার্কেলের একটি বিশেষ রেইডিং টিম পলিটেকনিক এলাকায় অবস্থান নেয়।

সন্দেহভাজন পিকআপটি নির্দিষ্ট স্থানে পৌঁছানো মাত্রই ডিএনসি কর্মকর্তারা সেটির গতি রোধ করেন। পরে তল্লাশি চালিয়ে পেছনের অংশ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি বড় গাঁজার পোটলা উদ্ধার করা হয়, যার প্রতিটির ওজন ৪ কেজি করে মোট ৮০ কেজি। এছাড়া চালকের সিটের পাশ থেকে আরও একটি পলিথিন ব্যাগে লুকানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শামীম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় মাদক এনে রাজধানীতে পাইকারি সরবরাহ করে আসছিল। এই চালানের জন্য রাসেল মিয়া মোটা অঙ্কের টাকায় চালক বাবুল হাসানের পিকআপটি ভাড়া করেছিল।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।