জামায়াত আমীরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎকরেছেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে সুইস বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে রাষ্ট্রদূত রেতো রেংগলি বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধীদল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি নবায়নযোগ্য জ্বালানি (গ্রিন এনার্জি), দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সুইজারল্যান্ডের আরও বিনিয়োগ ও সহযোগিতা কামনা করেন।
বৈঠকে ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।






