logo

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে 'বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর' সালাহউদ্দীন সুমনের হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : এশিয়া পোস্ট

বাংলাদেশের পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ পেয়েছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার সালাহউদ্দীন সুমন (আবু মোহাম্মদ সালাহ উদ্দিন)। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে তাকে ‘বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে নির্বাচিত করা হয়।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অ্যান্টার্কটিকা, আমাজন ও আর্কটিকের মতো দুর্গম সব অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, অচেনা ভূপ্রকৃতি ও গ্রামবাংলার সাধারণ মানুষের জীবন-জীবিকা ভিডিওর মাধ্যমে তুলে ধরে সালাহউদ্দীন সুমন দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটের সার্বিক উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা লিজ পদ্ধতির আওতায় বেসরকারি খাতের অংশীজনদের এগিয়ে আসতে হবে। সরকার এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি বলেন, পর্যটন খাতের অবকাঠামো ও সেবার মানোন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী তাঁর স্বাগত বক্তব্যে জানান, টেকসই পর্যটন বিকাশ ও ডিজিটাল প্রচারে তরুণদের উৎসাহিত করতেই মোট ১৬টি ক্যাটাগরিতে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে সালাহউদ্দীন সুমন বলেন, ট্যুরিজম বোর্ডের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের পর্যটন ভাবনায় কেবল সেন্টমার্টিন বা সাজেক নয়, বরং চিরায়ত ‘গ্রামবাংলা’ ও ষড়ঋতুর বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে সঠিকভাবে তুলে ধরতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে জুরি বোর্ডের বিচারে মোট ১৬টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। এতে বর্ষসেরা পাঁচ তারকা হোটেল হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে ‘শাকাওয়াথ’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট’ এবং পর্যটনবিষয়ক সাংবাদিকতায় নাঈম উল ইসলাম পুরস্কৃত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আক্তার। এ ছাড়া ভিডিও বার্তায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা নাসের আল নোয়াইস এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা) প্রধান নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ হামিদ।