logo

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপে’র প্রধানকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপে’র প্রধানকে কুপিয়ে হত্যা

ঢাকার মোহাম্মদপুর এলাকায় আধিপত্যের বিরোধে ইমন ওরফে এলেক্স ইমন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ‘এলেক্স গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের প্রধান ছিলেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী সড়কের বেড়িবাঁধ এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ইমন। পরে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটকরা হলেন- মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বী কাজী (২৫)। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মোহাম্মদপুরের রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘এলেক্স গ্রুপ’ ও ‘আরমান শাহরুখ গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ইমন মাটিতে পড়ে যান। এরপর প্রতিপক্ষের সদস্যরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পুলিশ জানিয়েছে, হামলায় ইমনের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তারা আরমান শাহরুখ গ্রুপের সদস্য।