logo

রাজধানীর রমনায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীর রমনায় ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
জব্দ করা ইয়াবাসহ মো. তারেকুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর রমনা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

গ্রেপ্তার কারবারির নাম মো. তারেকুল ইসলাম (৫৪)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রমনা পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে দুটি জিপার ব্যাগে মোট ২ হাজার ১২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, তারেকুল কক্সবাজারের রামু এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার কদমতলী এলাকায় সরবরাহের উদ্দেশে এনেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত মাদকের চালান পরিবহন করে আসছেন।

এদিকে, রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি লেকের দক্ষিণ পাশে ঝোপ থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়েছে। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেগুলো নিষ্ক্রিয় করেন।

সোমবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা।

জুয়েল রানা জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রায়েরবাজার বধ্যভূমি লেকের দক্ষিণ পাশে ঝোপের মধ্যে পলিথিনের একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ব্যাগের ভেতরে বোমা রয়েছে, এমন সংবাদ পাওয়ার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে পলিথিনে মোড়ানো পাঁচটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা।

তিনি জানান, বিষয়টি জানানো হলে মোহাম্মদপুর থানা পুলিশ, সংশ্লিষ্ট টহল দল এবং তেজগাঁও বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিকভাবে বস্তুগুলো ককটেল সদৃশ বলে ধারণা করা হয়। পরে নিরাপত্তার স্বার্থে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরীক্ষায় পলিথিনের ব্যাগের ভেতরে পাঁচটি ককটেল সদৃশ বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে রাত সাড়ে ৯টার দিকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও বিধি অনুসরণ করে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জব্দ করা বস্তুগুলো নিষ্ক্রিয় করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পুলিশ জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।