logo

শুল্ক ফাঁকি দিয়ে আনা পৌনে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
শুল্ক ফাঁকি দিয়ে আনা পৌনে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি জব্দ। ছবি: কোস্ট গার্ড সূত্রে পাওয়া

রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় পৌনে ৫ কোটি টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পোস্তগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে কাভার্ড ভ্যানটি থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩১০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অভিযান চলাকালে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যানে থাকা একজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ভারতীয় শাড়ি ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।