logo

ডিবি অভিযানে মাদকসহ ছয়জন আটক

ডিবি অভিযানে মাদকসহ ছয়জন আটক

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৮ কেজি হেরোইন, ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল এবং ২৫৫ কেজি গাঁজা।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সালমান হোসেন (২১), মো. জাহাঙ্গীর আলম (৩৫), আবুল কালাম (৪১), মো. আশানুর (২৮), মো. হাসান (৩১) ও ময়ুরী (২৪)।

ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে মতিঝিল বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানার শহীদ ক্যাপ্টেন মনছুর আলী সরণির পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার্স এলাকায় অভিযান চালিয়ে সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিশেষ কৌশলে লুকানো ৮ কেজি হেরোইন এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ওয়ারী বিভাগের একটি দল কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা।

অন্যদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫৫ কেজি গাঁজাসহ মো. আশানুরকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া একই দিন সকাল সাড়ে ৬টার দিকে রমনা বিভাগের একটি দল কাকরাইল সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে মো. হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।