অটোরিকশায় চার্জ দেওয়ার সময় চালকের মৃত্যু

রাজধানীর ডেমরার বামৈল এলাকায় একটি রিকশার গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলা মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলা মিয়ার ছেলে রুবেল জানান, তার বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন। দুপুরের দিকে বামৈল এলাকার একটি রিকশার গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় তার বাবা হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেল আরও জানান, তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। বর্তমানে তারা ডেমরার বামৈল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের বাবার নাম শহর আলী। দুই ভাই ও দুই বোনের মধ্যে তুলা মিয়া ছিলেন পরিবারের সদস্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
