logo

ওহাজ আলীর অবাণিজ্যিক অনুষ্ঠানের নামে ১৫ হাজার টাকায় টিকিট বিক্রি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ওহাজ আলীর অবাণিজ্যিক অনুষ্ঠানের নামে ১৫ হাজার টাকায় টিকিট বিক্রি
ছবি : এমিরা ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ থেকে নেওয়া

পাকিস্তানি অভিনেতা ওহাজ আলীর অংশগ্রহণে ঢাকায় আয়োজিত হতে যাওয়া ‘এমিরা-দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানের অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতামত না পাওয়ায় আয়োজক সংস্থা এমিরা ইন্টারন্যাশনালকে এই অসম্মতি জানানো হয়েছে।

তবে সরকারি অনুমতি পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি চড়া দামে টিকিট বিক্রি শুরু করেছিল বলে জানা গেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গত ১ অক্টোবরের এক চিঠিতে জানানো হয়, আগামী ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী ও তার দলের অংশগ্রহণে ‘অবাণিজ্যিক ভিত্তিতে’ অনুষ্ঠান আয়োজনের যে আবেদন এমিরা ইন্টারন্যাশনাল করেছিল, তাতে সম্মতি দেওয়া যাচ্ছে না।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘ব্যক্তিগত উদ্যোগ ও বেসরকারি পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিদেশি শিল্পী ও সাংস্কৃতিক দলের বাংলাদেশে আগমন সংক্রান্ত নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ও এনবিআরের মতামত না পাওয়ায় এই অনুষ্ঠান আয়োজনে অসম্মতি জ্ঞাপন করা হলো।

এর আগে গত ২১ সেপ্টেম্বর আয়োজকদের প্রাথমিক আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি বিনিমিয় শাখা থেকে স্বরাষ্ট মন্ত্রণালয় ও এনবিআরের কাছে অনাপত্তি ও মতামত প্রদানের জন্য নির্দেশনা চায়।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এনবিআর থেকে অনাপত্তি না পাওয়ায় তাদের অনুষ্ঠান আয়োজনে অসম্মতি জ্ঞাপন করে অফিস আদেশ জারি করে।

এদিকে সরকারের অনুমোদন পাওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে এ অনুষ্ঠানের টিকিট বিক্রি করছিল এমিরা ইন্টারন্যাশনাল। ‘An Exclusive Meet & Greet with Wahaj Ali’ শিরোনামে মাত্র ১০০টি বিশেষ টিকিটের প্রতিটি বিক্রি করা হচ্ছিল ১৫ হাজার টাকা করে।

এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রনালয়ের সাংস্কৃতি ঐতিহ্য অনুবিভাগের উপসচিব অমিতাভ পরাগ তালুকদার এশিয়া পোস্টকে বলেন, ‘পাকিস্তানি শিল্পীদের নিয়ে অনুষ্ঠানে স্বরাষ্ট মন্ত্রণালয় ও এনবিআরের কাছে আমরা মতামত চেয়েছি। মতামত পাওয়া না যাওয়ায় বিদেশি শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠান করতে দিতে অসম্মতি জানিয়েছি। তবে অনুমতি পাওয়ার আগেই তাদের নাম ব্যবহার করে টিকিটি বিক্রি করা নাগরিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ রকম ঘটনা ঘটে থাকলে ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে জানতে এমিরা ইন্টারন্যাশনালের হটলাইন নম্বরে যোগাযোগ করলে অনুষ্ঠানটি স্থগিত হয়েছে দাবি করে মুঠোফোন রেখে দেওয়া হয়। তবে অবাণিজ্যিক অনুষ্ঠানের টিকিটি বিক্রি নিয়ে কোনো উত্তর দেয়নি।

অবাণিজ্যিক অনুষ্ঠানের কথা বলে এভাবে চড়া মূল্যে টিকিট বিক্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এনবিআরের অনুমোদন না থাকা সত্ত্বেও তা অব্যাহত রাখায় আইনি ও নিয়মভঙ্গের প্রশ্ন উঠেছে। অনুমোদন না মেলায় এখন নির্ধারিত দিনে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।