logo

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ভিয়েতনাম, অষ্টম ঢাকা

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ভিয়েতনাম, অষ্টম ঢাকা

শীত মৌসুম শেষ হয়ে তাপমাত্রা বাড়ছে। বৃষ্টিও হচ্ছে খুব কম। শুষ্ক আবহাওয়ার কারণে ঢাকায় প্রায়ই বায়ুদূষণের মাত্রা বেশি থাকে। তবে আগের দিনের তুলনায় আজ দূষণ কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান অষ্টম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এর আগের দিন বুধবার (১১ মার্চ) একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ২১৩। সে হিসাবে দূষণের মাত্রা কিছুটা কমলেও বায়ুমান এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তালিকার শীর্ষে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির একিউআই স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসকান্দ, যার স্কোর ১৯৮।

তৃতীয় স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু (১৯১)। চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৮০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এ পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।