ফোন করে ডেকে নিয়ে ডেমরায় অটোরিকশাচালককে হত্যা, আটক ১

রাজধানীর ডেমরা থানার কামারগোপ এলাকায় জমি থেকে দেলোয়ার হোসেন দেলু (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার এশিয়া পোস্টকে জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে কামারগোপ এলাকার একটি জমি থেকে দেলোয়ার হোসেন দেলুর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মেয়ে লামিয়া আক্তার জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় রনি (২৫) নামে এক যুবক মোবাইল ফোনে তার বাবাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে ইট ও বাঁশের লাঠি দিয়ে তাকে হত্যা করা হয় বলে তাদের অভিযোগ। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়। তবে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন, অভিযুক্ত রনি মাদকাসক্ত এবং মাদক বিক্রির সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, অভিযুক্ত রনিকে পুলিশ আটক করেছে এবং বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
নিহত দেলোয়ার হোসেন দেলু ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে। তিনি পরিবারে দুই মেয়ের জনক ছিলেন।



