মিমোর মৃত্যুর ঘটনায় ঢাবি শিক্ষক গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হেফাজতে নেওয়া বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছাত্রীর বাবা বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। যেহেতু তারা এজাহারভুক্ত আসামি, তাই তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে রোববার রাজধানীর বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট এবং মিমোর মোবাইল ফোন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন পাওয়া গেছে। উদ্ধার করা চিরকুটে মিমো শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং তার এক সহপাঠীর নাম উল্লেখ করেছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসীরুল আমিন জানান, মিমোর বাবা তার মেয়ের মোবাইল ফোন ঘেঁটে শিক্ষকের সঙ্গে দীর্ঘ কথোপকথনের প্রমাণ পেয়েছেন। এমনকি গভীর রাতেও তাদের মধ্যে কথা হতো বলে জানা গেছে। এসব তথ্যের ভিত্তিতে মিমোর বাবা বাদী হয়ে মামলা করলে পুলিশ শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখায়।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এবং মিমোর এক সহপাঠীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।