যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে প্রেম জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন রাব্বীকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে সড়কের ওপর পড়ে তার মৃত্যু হয়।
এসআই অতনু দে প্রেম আরও জানান, নিহতের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের দুলাভাই শফিকুর রহমান জানান, ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে ফোনে তার কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন দিলে রাব্বী ফোন ধরেননি। পরে এক দূরসম্পর্কের শ্যালিকার মাধ্যমে খবর পান, যাত্রাবাড়ীর কাজলা এলাকার স্বপ্ন সুপারশপের সামনে রাব্বীকে কে বা কারা হত্যা করেছে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় রাব্বীর পকেটে সামান্য টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
নিহত রাব্বী কুমিল্লার মুরাদনগর উপজেলার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। পেশায় স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন তিনি।
স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে রাব্বীর বিয়ে হয়। তার আড়াই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

