মিরপুরে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের একটি বহুতল ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে শাহরিয়ার সিকদার রাজন (৩৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। পরে রোববার (১৯ এপ্রিল) মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছোট ভাই সুমন সিকদার অভিযোগ করেন, দাম্পত্য কলহের জেরে রাজনকে হত্যা করেছেন তার স্ত্রী দিলরুবা আক্তার হাসি।
তার দাবি, আমার ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। আমরা ধারণা করছি, ওই বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
শাহআলী থানার ডিউটি অফিসার এস আই জাহিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাট থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, রাজন ও তার স্ত্রী দিলরুবা আক্তার হাসির সাত বছর বয়সি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সন্তান রয়েছে। রাজনের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।