ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪৭ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৪৯ জন, উত্তরায় ৪১ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ১০ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকিটকি, একটি ওজন মাপার যন্ত্র, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, এক হাজার ৪০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


