logo

দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত
কেক কেটে দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। শুক্রবার ঢাকা ক্লাব লিমিটেডে। ছবি: সংগৃহীত

সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের’ (টিজিএ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা ক্লাব লিমিটেডের ‘স্যামসন এইচ চৌধুরী সেন্টারে’ প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, চার দশকের এ পথচলা মূলত পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সেবা, জনকল্যাণ এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের লালিত মূল্যবোধের প্রতি অবিচল প্রতিশ্রুতির এক অনন্য দৃষ্টান্ত। অ্যাসোসিয়েশনের দীর্ঘ যাত্রাকে স্মরণের পাশাপাশি এর ঐতিহ্যকে আগামী দিনে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে বিভিন্ন প্রজন্ম ও পেশার গ্রেগোরিয়ানরা এক মঞ্চে একত্রিত হন।

দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রেগোরিয়ান মুনাদির ইসলাম এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি গ্রেগোরিয়ান শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব গ্রেগোরিয়ান সৈয়দ মারগুব মুর্শিদ, সাবেক পররাষ্ট্র সচিব গ্রেগোরিয়ান হেমায়েত উদ্দিন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান গ্রেগোরিয়ান সৈয়দ আবু নাসের বুখতেয়ার, সিনিয়র অ্যাডভোকেট মহসেন রশিদ, দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য গ্রেগোরিয়ান হুমায়ুন কাদের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার লিও পেরেরা সি.এস.সি। এ ছাড়া গ্রেগোরিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, প্রথিতযশা শিক্ষাবিদ ও সম্মানিত গুণীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রেগোরিয়ান হওয়া মানে শুধু একটি প্রাতিষ্ঠানিক সনদ লাভ করা নয়, এটি এমন এক ঐতিহাসিক ভ্রাতৃত্বের অংশ হওয়া—যা যুগ যুগ ধরে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

৪০ বছরের মাইলফলক উদ্‌যাপনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের গৌরবময় অতীতকে সম্মান জানানোর পাশাপাশি একটি নতুন ও গতিশীল অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে জানান তারা।

আনুষ্ঠানিক আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শেষে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।