খিলগাঁওয়ে অবৈধভাবে পানি উৎপাদন, লাখ টাকা জরিমানা

ঢাকা মহানগরীর খিলগাঁও এলাকায় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ‘জান্নাত আলী ড্রিংকিং ওয়াটার (আর এ বি এস এন্টারপ্রাইজ)’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা খিলগাঁও থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করা হয়।
অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি উঠে আসে। এ অপরাধে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং ১ লাখ টাকা জরিমানা আরোপ করে।
এ ছাড়া, দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশনা দেন আদালত।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকা ফিল্ড অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) কৌশিক দাস দুর্জয়।
জনস্বার্থে পণ্যের মান নিশ্চিত করা এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

