logo

‘ইয়াবা ব্যবসায়ী’ তকমা দিয়ে পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি

‘ইয়াবা ব্যবসায়ী’ তকমা দিয়ে পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি

রাজধানীর দক্ষিণখানে পুলিশ কর্মকর্তাকে ‘ইয়াবা ব্যবসায়ী’ তকমা লাগিয়ে পুলিশের এক কর্মকর্তাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মো. আনিসুর রহমান পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। তিনি বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) দায়িত্ব পালন করেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে দক্ষিণখানের কাওলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজ পাওয়া যায়। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু যুবক পুলিশের পোশাক পরা অবস্থায় এএসআই আনিসুর রহমানকে মাদক ব্যবসায়ী বলে মারধর করছেন। সেই সঙ্গে তাদের বলতে শোনা যায়, ‘এএসআই আনিস ইয়াবা ব্যবসায়ী। সে ইয়াবা বিক্রির জন্য কাওলা এসেছেন। তার সাথে ইয়াবাও পাওয়া গেছে।’ তবে ভিডিও ফুটেজে ইয়াবা দেখা যায়নি।

এ ঘটনার পর দক্ষিণখানের কাওলা এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন দক্ষিণখানের কাওলারের রফিকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম ইমরান (২৯) ও ইঞ্জিনিয়ার সামছুল আলমের ছেলে তাহমিদ ফিরোজ স্মরণ (৩২)।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, 'কাওলা এলাকায় একজন পুলিশকে মারধর করা হচ্ছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তা জানতে পারি। পরে একটি পুলিশের টিম পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়।'

ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী এএসআই আনিসুর রহমান জানিয়েছেন, তিনি এভসেকে কর্মরত রয়েছেন। কাওলা থেকে বিমানবন্দরে যাওয়ার পথে তাকে আটকে হামলা ও মারধর করা হয়।'

এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পুলিশ সদস্য বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তা ও থানা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা পেশাদার মাদক কারবারি। এএসআই আনিসুর হামলাকারী মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। যে কারণে তার ওপর আক্রমণ করে মাদক কারবারিরা।

সূত্র জানায়, কাওলার বাজারে হামলার পর লোকজন যখন দক্ষিণখান থানা পুলিশ ও ৯৯৯-এ কল দিয়ে অবগত করে, তখন এএসআই আনিসুরকে সেখান থেকে নিয়ে স্মরণের বাসায় আটকে রাখা হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা পুলিশ।