Advertisement

পাঁচ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার আসামির

এশিয়া পোস্ট প্রতিবেদক
পাঁচ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না ধর্ষণ মামলার আসামির
ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. দ্বীন ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত

পাঁচ বছর ধরে পলাতক থাকা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. দ্বীন ইসলাম মিন্টুকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী তথ্যটি জানিয়েছেন।

সিটিটিসি জানায়, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের একটি দল বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে রমনা থানার হোটেল রাজমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বংশাল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি দ্বীন ইসলাম মিন্টু গ্রেপ্তার এড়াতে দীর্ঘ পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।