Advertisement

মাদকের ১৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে পল্লবীতে গোলাগুলি

এশিয়া পোস্ট প্রতিবেদক
মাদকের ১৫ লাখ টাকা ভাগাভাগি নিয়ে পল্লবীতে গোলাগুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে আলমগীরসহ সংশ্লিষ্টদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই পল্লবীর সেকশন-১১ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলমগীর গুলিবিদ্ধ হন এবং এক পথচারী নারী আহত হন।

তিনি বলেন, আলমগীর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদক বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

গ্রেপ্তারদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

ল্যাংড়া রুবেলের সম্পদের বিষয়ে ডিবি প্রধান বলেন, তার ব্যবহৃত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। যাচাই করে দেখা গেছে, গাড়ি দুটি অন্য দুই ব্যক্তির নামে নিবন্ধিত। ওই ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, রুবেল তাদের নামে গাড়ি কিনে দিয়েছেন।

তিনি আরও জানান, হেমায়েতপুরে রুবেলের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যা প্রাসাদের সঙ্গে তুলনীয়। তবে তার কোনো দৃশ্যমান বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন তিনি এবং অন্যদের নামও ব্যবহার করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনে সিআইডির মাধ্যমে মানি লন্ডারিং আইনে মামলার বিষয়টিও বিবেচনা করা হবে।

ডিবি প্রধান বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে সংঘটিত অধিকাংশ আলোচিত অপরাধের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ সফল হয়েছে। পল্লবীর ঘটনাটিরও দ্রুত তদন্ত শেষ করে আরও তথ্য প্রকাশ করা হবে।

তিনি জানান, ল্যাংড়া রুবেলের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তারের জন্য ডিবির সদস্যরা টানা তিনদিন অভিযান চালান। ঢাকার বাইরে গাজীপুরেও অভিযান পরিচালনার পর শেষ পর্যন্ত বেড়িবাঁধ এলাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রুবেলের জামিন প্রসঙ্গে তিনি বলেন, অন্য একটি মামলায় তিনি আগে গ্রেপ্তার হয়ে জামিনে ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। হত্যা চেষ্টা মামলাসহ তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয় আদালতের নজরে আনা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সঙ্গে সম্পৃক্ততাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে। আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি; রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে উত্তরায় তাসীন আক্তার হক ও তার অংশীদার ইয়াসিনের মালিকানাধীন ডিএল ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।