logo
Advertisement

স্বামীর সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
স্বামীর সঙ্গে ঝগড়া, গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে সুমাইয়া আক্তার (২০) নামের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তুরাগের রূপসী বাংলা মোড়ের হাজেরা খাতুনের ভাড়া বাসা থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই গৃহবধূ সিলেটের শাহপরান থানার পূর্ব দালাইপাড়া গ্রামের মো. নুর উদ্দিনের মেয়ে। তুরাগের ওই বাড়িতে স্বামীর সাথে বসবাস করতেন।

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, চলতি বছরের ১৬ জুলাই মামুনের সঙ্গে বিয়ে হয়। পরবর্তীতে তারা রূপসী বাংলা মোড়ের ওই বাড়িতে ভাড়া থাকতেন।

তিনি বলেন, কিছু দিন আগে মামুন গ্রামের বাড়িতে যায়। পরবর্তীতে শনিবার (১২ সেপ্টেম্বর) মামুন গ্রামের বাড়ি থেকে ঢাকার ভাড়া বাসায় আসে। তখন সুমাইয়া আক্তারের সাথে ঝগড়া হয়। তারপর বিকেল সাড়ে ৩টার দিকে মামুন বাসা থেকে বেরিয়ে যায়। পরে রুমের ভেতর দিক থেকে সুমাইয়া দরজা লাগিয়ে দেয়।

ওসি মোস্তাফিজ বলেন, সন্ধ্যা ৭টার দিকে সুমাইয়ার ছোট ভাই বাসায় এসে ডাকাডাকি করে। তখন দরজা না খুললে সুমন জানালা দিয়ে তার বোনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন সুমাইয়ার মা নাছিমা আক্তারসহ আশেপাশের লোকজন টিনের চাল খুলে রুমের ভেতর প্রবেশ করে।

তিনি বলেন, তখন সুমাইয়া আক্তারকে সিলিং ফ্যানের সঙ্গে কালো ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।