ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফ্লেক্সিলোড ব্যবসায়ী আহত, খোয়া গেল ২ লাখ টাকা

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া ফুডপ্লেক্স গলি এলাকায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কালাম (৫০) নামের এক ফ্লেক্সিলোড ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আবুল কালামের ছেলে মো. আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে ওত পেতে থাকা ৩-৪ ছিনতাইকারী তার বাবার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা ও একটি ব্যাগ নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।