logo

রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিএমপি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিএমপি
রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন। ছবি : এশিয়া পোস্ট

ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিবির উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘রাজধানীতে নাশকতা চালাতে বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪টি ককটেল ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাশকতার কথা নিশ্চিত করেছেন।’

তিনি বলেন, ‘রায়হান ছাড়াও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ আছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ইন্ধন ও পরামর্শই জনমনে আতঙ্ক তৈরি করতে এমন কাজ করা হচ্ছে। পুলিশ তৎপর আছে। এ ধরনের নাশকতা প্রতিরোধ করা হবে।’

এদিকে, পল্লবীতে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিরামিক রোডের সরকারি কলেজের পাশে সকালে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

রোববার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

তিনি জানান, সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।

এ ঘটনায় মামলা করেছেন কি না জানতে চাইলে খান মো. মহিতুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মামলা করেননি।