উত্তরায় এসআরবি অভিযানে ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাঁজা দিয়ে কারাগারে পাঠিয়েছে স্পেশাল রেসপন্স টিম (এসআরবি)।
এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উত্তরা সেক্টর-৯-এর নাভানা সিএনজি রোড এলাকায় বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এসআরবি এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোশারফ (২০), শাহাদাৎ হোসেন (২১), মাজেদুল ইসলাম হৃদয় (১৯) ও রানা (২৯)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৮৯৫ টাকা জব্দ করা হয়।
এসআরবি কর্মকর্তা শাহ আলম জানান, ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোশারফকে দুই মাস, শাহাদাৎ হোসেনকে এক মাস এবং মাজেদুল ইসলাম হৃদয় ও রানাকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অভিযানে জব্দ করা ২৫০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির নগদ ৭ হাজার ৮৯৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পরবর্তীতে কারাদণ্ডপ্রাপ্ত চারজনকে পরে কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
