নিত্যপণ্যের বাজারে অভিযান, ১০১ প্রতিষ্ঠানকে প্রায় ৮ লাখ টাকা জরিমানা

ভোজ্যতেল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১০১টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩৬টি জেলায় অধিদপ্তরের ৫২টি দল এ অভিযান পরিচালনা করে। পাইকারি ও খুচরা বাজারে পরিচালিত এ অভিযানে মোট ১০১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অযৌক্তিক মজুত এবং বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়। এ ছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি না করা, সঠিক ওজন নিশ্চিত করা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখতে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিকে পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ও মেয়াদ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে কেনাকাটার ভাউচার সংরক্ষণ করতে বলা হয়েছে। পণ্য কেনাবেচায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে ভোক্তাদের ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।
