বাড্ডা বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনে দ্রুতগামী বাসের ধাক্কায় মো. মোকলেছ (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (জরুরি) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, সকালে দ্রুতগামী ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত মোকলেছ নেত্রকোনার কমলকান্দা উপজেলার পুকুরিয়া গ্রামের মো. আকবর আলীর ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বাড্ডার নতুন বাজার এলাকায় বসবাস করতেন।

