logo

বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বসুন্ধরা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসা থেকে জেরিনের মরদেহ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। পরে রাতে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভাটারা থানা পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জেরিনের সহপাঠীরা জানান, তিনি হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক বলেন, দীর্ঘক্ষণ বাসার ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে সন্ধ্যায় পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। রাতে পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে জেরিনের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল জেরিনের মরদেহ। তিনি কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন। পাশের কক্ষে থাকতেন অন্য শিক্ষার্থীরা।

মাহমুদার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম খোরশেদ আলী।