logo

রিমান্ড থেকে বাঁচানোর কথা বলে ১০ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

রিমান্ড থেকে বাঁচানোর কথা বলে ১০ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

আসামিকে রিমান্ড থেকে বাঁচানোর কথা বলে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎ করা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া একটি প্রতারকচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজধানীর জনসন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (৫১)।

ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। গত ৫ এপ্রিল সকালে তাদের বাসার ড্রাইভার রফির মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে যোগাযোগ করে। পরে ভুক্তভোগী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করেন।

ডিবি আরও জানায়, প্রতারক চক্রটি ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য তার স্বামীর কণ্ঠস্বরের অনুকরণে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে দ্রুত আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহনের মাধ্যমে ‘লুৎফর জামান’ নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন। টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। তবে উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগের ভিত্তিতে ডিবি (ওয়ারী) বিভাগের একটি দল সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত করে প্রতারকচক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবির ওয়ারী বিভাগ।