মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

রাজধানীর মোহাম্মপুরের কিশোরগ্যাং ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে রোববার (২৮ জুন) দুপুর ২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি জানান, শনিবার (২৭ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের বসিলায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে শামীম পাটালির দুই সহযোগী খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই চন্দ্রিমা মডেল টাউনে অভিযান চালিয়ে গ্রুপটির অন্যতম নেতা শামীম পাটালিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
একই রাতে চাঁদ উদ্যান এলাকা থেকে চাপাতিসহ শাকিউল করিম ও আরিফকে এবং বাবর রোড থেকে চাপাতিসহ হৃদয় ও নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, গত বছরের ৫ আগস্টের পর রায়েরবাজারে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায়ও পাটালি গ্রুপ আলোচনায় আসে। মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধে পাটালি গ্রুপ সক্রিয়। সাতজনকে কুপিয়ে আহতের ঘটনায় দুই আসামি রানা পাটালি ও রাসেল পাটালি এরই মধ্যে র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া শামীমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত ও মাদকসহ আটটি মামলা রয়েছে। অপরদিকে আরিফের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা, খোকন মুন্সীর বিরুদ্ধে একটি মাদক ও একটি যৌতুক মামলা, সজীব ব্যাপারীর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা, হৃদয়ের বিরুদ্ধে সাতটি এবং জুয়েলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারী ও সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই করে আসছিল।
মোহাম্মদপুর কবে নিরাপদ হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা হাসান বলেন, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় এলাকায় অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে মোহাম্মদপুরকে নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।





