জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণে মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালক আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে শাহীনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে।
শাহীন টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার মৃত ভোলা শেখের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর একটি সিএনজি গ্যারেজে থাকেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা সিএনজিচালক শাহীন আহত হন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শাহীনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কারা এবং কী কারণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
