ঢাকার খাল পুনরুদ্ধারে দুই সিটির পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত

রাজধানীর খালগুলো পুনরুদ্ধার ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে দুটি পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে করপোরেশনের আওতাধীন সব খালের সীমানা চিহ্নিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক জরুরি আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৮ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার অনুশাসন মোতাবেক এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খালের সীমানা নির্ধারণের জন্য গঠিত দুটি কমিটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডসহ সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঢাকা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো শুধু পরিবেশের জন্য নয়, বরং নগরের টেকসই পানি ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের জন্যও জরুরি।
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে খালগুলো দ্রুত পরিষ্কার করে বৃষ্টির পানি প্রবাহের উপযোগী করে তুলতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা, জনবল ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
ম্যাপভেদে খালের সীমানায় ভিন্নতা এবং একাধিক সংস্থার সংশ্লিষ্টতার কারণে একযোগে সব খালে কাজ শুরু করা চ্যালেঞ্জিং জানিয়ে মীর শাহে আলম বলেন, সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে পাইলট আকারে বাইশটেকি খাল এবং কল্যাণপুর রিটেনশন পন্ড বর্ধিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পাইলট প্রকল্প থেকে অর্জিত অভিজ্ঞতা ও সমন্বয় কাঠামো পরে রাজধানীর অন্যান্য খাল পুনরুদ্ধারে প্রয়োগ করা হবে।
.png)


