অপহরণ মামলায় আ.লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার

অপহরণের মামলার আসামি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ২২ নং সড়কের ৫৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেপ্তার শাহীনুজ্জামান শাহীন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ ছাড়া তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ এশিয়া পোস্টকে বলেন, ‘জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র এমপির প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় অপহরণের মামলা রয়েছে। অপরহণের ঘটনাটি উত্তরা ক্লাবের পাশে ঘটেছিল। ওই মামলার চার্জশিট ভুক্ত আসামি তিনি।’
এক প্রশ্নের জবাবে ডিসি তারেক আহমেদ বলেন, ‘শাহীন উত্তরায় ব্যবসা করতেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেটি তিনি নিজেই জানতেন না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।’
আরেক প্রশ্নের জবাবে তারেক আহমেদ বলেন, ‘তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, সেটি তল্লাশি করে দেখা হচ্ছে। তা ছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’


