logo

মিরপুরে তুমুল হট্টগোল/ময়লার গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ময়লার গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর
মিরপুর ১০ এ ফুটপাত উচ্ছেদ অভিযানে হট্টগোল। ছবি : এশিয়া পোস্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ফুটপাত উচ্ছেদ অভিযান কেন্দ্র করে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার অভিযান পরিচালনার সময় বিদ্যুৎ সংযোগের শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সিটি করপোরেশনের ৩টি ময়লা ফেলার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু (এক্সাভেটর) এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, দুপুর ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।