Advertisement

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের গুলি, ডাকাত সদস্য আটক

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের গুলি, ডাকাত সদস্য আটক
প্রতীকী ছবি

রাজধানী বাড্ডা থানা আফতাবনগর ৫নং সেক্টর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলিতে এসএম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক ডাকাত সদস্য আহত হয়েছে। তার ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত সাড়ে ১০টার দিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন।

পাভেলের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামে। তিনি স্থানীয় আবু সাদেক সর্দার বাদলের ছেলে। বর্তমানে রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় বসবাস করছিলেন।

গুলশান ডিবি পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন এশিয়া পোস্টকে জানান, বাড্ডার আফতাবনগর, ব্লক-এম, সেক্টর-৫, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এসএম আরিফুল ইসলাম পাভেল নিজের পিস্তল দিয়ে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে ডিবি পুলিশ পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি করে। এতে আরিফুলের ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড গুলিবিদ্ধ হয়। পরে আমরা তাকে আটক করি ও তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করি।

তিনি আরও জানান, পরে গুলিবিদ্ধ অবস্থায় পাভেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে চিকিৎসাধীন রাখেন। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।