logo

আট টুকরা মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর

আট টুকরা মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর
রাজধানীর মুগদা থেকে সৌদি প্রবাসী মোকাররম মিয়ার আট টুকরা মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার হওয়া সৌদি প্রবাসী মোকাররম মিয়ার আট টুকরা মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়ান।

পুলিশ জানায়, গত ১৭ মে মুগদার মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’ ভবনের বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ডাংশ উদ্ধার করা হয়। তবে তখন মাথার অংশটি পাওয়া যায়নি। পরে রাত আড়াইটার দিকে পাশের একটি ময়লার স্তূপে অভিযান চালিয়ে মাথাটিও উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই মো. রিফাত জানান, বিকেল ৪টার দিকে তারা পুলিশের কাছ থেকে মোকাররমের মরদেহ বুঝে পান। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তিনি বলেন, আমার ভাই মোকাররম দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায়। তিনি সোহরাব মিয়ার ছেলে, তারা তিন ভাই ও দুই বোন। তার দুই ছেলে রয়েছে।

এর আগে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।