ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোর বিশেষ সময়সূচি প্রকাশ

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচী ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএল ঘোষিত সময়সূচী অনুযায়ী, ঈদের ছুটির দিনগুলোতে ট্রেন চলাচলের গড় হেডওয়ে থাকবে ১২ থেকে ১৫ মিনিট। প্রতিদিন ৭ সেটে ১৪০ ট্রিপে ট্রেন চলাচল করবে। তবে যাত্রীসংখ্যা ও চাহিদার ভিত্তিতে এ সংখ্যা পরিবর্তন করা হতে পারে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত প্রতি ২০ মিনিট পরপর চলবে। সকাল ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর ও সকাল ১০টা ২৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। রাত ৯টা ১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেনের ব্যবধান হবে ১৫ মিনিট।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন সকাল ৭টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর চলবে। বেলা ১১টা ৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর ও রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর চলাচল করবে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ও মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় ছেড়ে যাবে। সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় ও মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে।
এদিকে টিকিট বিক্রয় ও র্যাপিড পাস ব্যবহারের ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি বা র্যাপিড পাসে রিচার্জ (টপ-আপ) করা যাবে।
শুক্রবার বিশেষ ব্যবস্থার আওতায় উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি ও র্যাপিড পাস টপ আপ সেবা চালু থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট বিক্রয় কাউন্টার ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে। এছাড়া প্রথম ট্রেন ছাড়ার স্টেশনগুলো থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী র্যাপিড পাসও সংগ্রহ করা যাবে।