জাতীয় শিশু হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা ২৫ মিনিটে শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা বশির উদ্দিন এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে থাকা জেনারেটরের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে কিছুক্ষণ পরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সরেজমিন হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিচে সাধারণত গাড়ি পার্কিং করা হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বশির উদ্দিন বলেন, জেনারেটরে সমস্যা দেখা দিলে অগ্নিকাণ্ড ঘটেছিল। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আসলে আগুন নেভানো সম্ভব হয়। কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।