হৃদয়ের ঢাকা ৪১৬: শিল্পীদের সম্মাননা ও শিশু চিত্রাঙ্কনের পুরস্কার প্রদান

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ৪২ জন প্রথিতযশা চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ প্রদান করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘উৎসবে গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্য নিয়ে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রথিতযশা শিল্পীদের ক্যানভাসে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য চমৎকারভাবে ফুটে উঠেছে। অতীত ইতিহাস ও ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করতে হবে, কারণ অতীতকে ভিত্তি করেই আধুনিক সমাজ সমৃদ্ধ হয়।
ডিএসসিসির ‘হৃদয়ে ঢাকা’ কর্মসূচির প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন নগরবাসীর মধ্যে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ বলেন, ব্রিটিশ আমলে যেভাবে প্রখ্যাত চিত্রশিল্পীরা একত্রিত হয়ে ঢাকার চিত্র এঁকেছিলেন, তার শত বছর পর ডিএসসিসি আবার প্রথিতযশা শিল্পীদের নিয়ে ঢাকাকে তুলে ধরার এ ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে। এটি ভবিষ্যতের জন্য এক অনন্য উপহার।
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান বলেন, চিত্রশিল্প সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। মহান মুক্তিযুদ্ধে জয়নুল আবেদিন, শাহাবুদ্দিন আহমেদ, দেবদাস চক্রবর্তী, স্বপন চৌধুরী ও নুরুন্নবী খানের মতো বীর শিল্পীদের অবদানের কথা স্মরণ করে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হীনম্মন্যতা দূর করে তাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঁচটি বিভাগে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া ঢাকাকে নিয়ে আঁকা ৪২টি চিত্রকর্মের জন্য ৪২ জন প্রথিতযশা চিত্রশিল্পীকে সম্মাননা ও সনদ দেওয়া হয়।
গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ চিত্রকর্ম প্রদর্শনী আজ ৯ সেপ্টেম্বর জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে শেষ হয়। প্রদর্শনী শেষে চিত্রকর্মগুলো ডিএসসিসির নগর ভবনে অবস্থিত ‘নগর জাদুঘরে’ স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।


