logo
Advertisement

এক দিনে ৪৬ শিক্ষককে বদলি করল মতিঝিল আইডিয়াল স্কুল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এক দিনে ৪৬ শিক্ষককে বদলি করল মতিঝিল আইডিয়াল স্কুল
মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একদিনে ৪৬ শিক্ষককে বনশ্রী ও মুগদা শাখায় বদলি করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যদের সম্মতিতে এসব শিক্ষককে বদলি করা হয়।

বদলি হওয়া কয়েকজন শিক্ষক বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে ৪৬ শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়। আকস্মিক এ সিদ্ধান্তে সবাই হতবম্ভ হয়ে পড়েন।

বদলি হওয়া শিক্ষকদের একটি অংশ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটি বদলির তথ্য ওয়েবসাইটে প্রকাশের আগেই অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করেন। এ ঘটনায় বদলি-প্রক্রিয়ার গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ। তিনি গণমাধ্যমকে বলেন, দুর্নীতির মূল উৎপাটন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বদলি হওয়া শিক্ষকরা পাঁচ থেকে সাত বছর ধরে মতিঝিল শাখায় শিক্ষকতা করছিলেন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখা রয়েছে। এগুলো হলো—মতিঝিল মূল শাখা, বনশ্রী ও মুগদা শাখা। তিন শাখায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন প্রায় ৭০০ জন। এ ছাড়া কর্মচারী রয়েছেন দুই শতাধিক।