logo

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ অবরোধ

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ অবরোধ
রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিরপুরে ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই, বিচার চাই’, ‘আমার বোন খুন হলো কেন’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, আসামির ফাঁসি চাই’— এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীদের দাবি, ৭ দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে, এটাই আমাদের দাবি। বাংলাদেশে অনেক বিচার হয় না। এজন্য আমরা দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করতে চাই না। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।

এর আগে গতকাল ২১ মে রাতেও বিক্ষোভকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় তারা অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানায়।

মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ এলাকার বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শিশুটি হত্যার পর মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল। যদিও ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করা হয়। হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬)-কে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।