logo

সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের ৭ দিনের জেল

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের ৭ দিনের জেল
৩০০ ফিটে উল্টো পথে মোটরসাইকেল চালানোর ঘটনায় ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগ নারীসহ দুজনকে বিরুদ্ধে। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সড়কে উল্টো পথে মোটরসাইকেল চালানোর ঘটনায় থামানোর পর কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে নারীসহ দুজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্টে উল্টো পথে আসা একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেন দায়িত্বপালনরত ট্রাফিক সার্জেন্ট। মোটরসাইকেলটি থামানোর পর উল্টো পথে চলাচলের কারণ জানতে চান তিনি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।

এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের সঙ্গে সার্জেন্টের উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায়। একপর্যায়ে নারী আরোহী সার্জেন্টের দিকে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন বলে জানিয়েছে পুলিশ।

ডিসি আকতার জানান, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্যে অসদাচরণের অভিযোগে পরে দুজনকে আটক করা হয়।

পরে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন অমান্য এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।