চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবি সরকারি মাস্টাররোল কর্মীদের

জাতীয় পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি নির্ধারণ ও চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর ও প্রতিষ্ঠানে কর্মরত মাস্টাররোল কর্মীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে এগোতে চাইলে পথিমধ্যে পুলিশি বাধার মুখে পড়েন। পরে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির উদ্যোগে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
মজুরিভিত্তিক কর্মচারীদের দাবিগুলো হলো তাদের দক্ষ কর্মীদের বয়স শিথিল করে চাকরি স্থায়ী করা। পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অস্থায়ী ও দৈনিক মজুরি কর্মীদের জন্য বেতন কাঠামো তৈরি করা এবং ৯ম পে-স্কেলে অন্তর্ভুক্ত করা। দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল করতে হবে।
আরও দুই দাবি হলো বিনা নোটিশে বা বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ করতে হবে এবং ইতোপূর্বে চাকরিচ্যুতদের পুনর্বহাল করা। আউটসোর্সিং প্রথা পুরোপুরি বন্ধ করতে হবে এবং কর্মীদের অধিকার নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে অস্থায়ী ও দৈনিক মজুরি কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। বিনা নোটিশে কর্মচারীদের চাকরিচ্যুত করা বন্ধ করতে হবে এবং সব কর্মীর অধিকার নিশ্চিত করতে হবে।
প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলার এক পর্যায়ে আন্দোলনকারীদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য সচিবালয়ে যান।
