logo

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

জাতীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। তারপরও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সোয়াট, ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এ ছাড়া গোয়েন্দা নজরদারিসহ সাইবার মনিটরিং জোরদার করা হবে।

মো. সাজ্জাত আলী বলেন, শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারাল বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন।

তিনি বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার রোড ব্যবহারের অনুরোধ। শ্রদ্ধা নিবেদনের পর দোয়েল চত্বর কিংবা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার।