logo

পশু জবাই/ভাঙা, কাটা ও ক্ষত নিয়ে পঙ্গুতে বাড়ছে ভিড়

ভাঙা, কাটা ও ক্ষত নিয়ে পঙ্গুতে বাড়ছে ভিড়
ছবি: এশিয়া পোস্ট

কোরবানির পশু জবাই করতে গিয়ে রাজধানীতে বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন। গরুর লাথি, গুঁতা, হাত-পা ভাঙা ও ক্ষত নিয়ে অনেকেই রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৩৩ জন পঙ্গু হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। তবে, বিকেলের পর রোগীর চাপ কিছু বেড়েছে বলে জানা গেছে।

পঙ্গু হাসপাতালের তথ্য অনুযায়ী— ঈদের নামাজের পর কোরবানি শুরু পর থেকে এখন পর্যন্ত ভাঙা, কাটা ও ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৩ জন। এছাড়া গত ১৫ ঘণ্টায় কোরবানি জানিত কারণ ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৮ জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৮৯ জনকে ভর্তি করা হয়েছে।

ঢাকার তুরাগ থেকে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসেন মামুন তালুকদার। গরুর গুঁতায় হারিয়েছেন বাম হাতের দুই আঙুল।

তিনি বলেন, গরু অনেক চেতা। কিনে আনার সময় আমাকে তিনবার ফেলে দিয়েছে। তারপরও গরুর সাথে যুদ্ধ করে আমরা চার থেকে পাঁচজন আহত হয়ে বাসায় নিয়ে আসি। সকালে কোরবানির জন্য বের করে গাছের সাথে বান দিতে গেলে আমাকে গুঁতা দেয়। এ সময় আমার দুটা আঙুল টিনের সাথে লেগে কেটে পড়ে যায়।

এদিকে হাতের আঙ্গুল ভেঙে মিরপুর ১ নম্বরের টোলারবাগ থেকে চিকিৎসা নিতে পঙ্গু হাসপাতাল এসেছেন মোহাম্মদ তুষার মুফতি। তিনি বলেন, জবাই করার জন্য গরু মাটিতে ফালানোর সময় বাম হাতের একটা আঙ্গুল ফেটে ভেঙে গেছে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) অর্থপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জীবনানন্দ হালদার বলেন, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত ১৬৮ জন রোগী এসেছে। আর আজ সকাল থেকে কোরবানি জনিত কারণে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন ৩৩ জন। এরমধ্যে ভর্তি হয়েছেন ৮৯ জন।

তিনি বলেন, গুরুতর আহত হয়ে আজকে রোগী কম এসেছে। কোরবানি দিতে গিয়ে আঙ্গুল কাটা, রগ কাটা, হাত কাটা, পা কাটা, কোমরে কাটা, এই ধরনের রোগী আসছে। কোরবানি দিতে গিয়ে যে সমস্যাগুলো হয় সেই ধরনের রোগীই বেশি এসেছে। মেজর অ্যাক্সিডেন্টের রোগী বুধবার বেশি ছিল।