নোংরা রান্নাঘর ও লেবেলহীন ঘি, মতিঝিলের হীরাঝিল হোটেলকে জরিমানা

রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিলের ২২ নম্বর বাণিজ্যিক এলাকায় অবস্থিত হীরাঝিল হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
এ বিষয়ে নিরাপদ খাদ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত বলেন, অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল। এ ছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লার পাত্র পড়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, এ সময় কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। পাশাপাশি খাদ্য কর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি। হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণকও দেখাতে পারেনি।
এসব অনিয়ম ও অপরাধের বিষয়ে হোটেল কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলেও জানান আবুল হাসনাত।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
