logo
Advertisement

কেরানীগঞ্জে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট নিউজ,কেরানীগঞ্জ
কেরানীগঞ্জে গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার কথা বলে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

গ্রেপ্তাররা হলেন- মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) ও মো. ইয়াসিন (২২)। তারা দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জের সেন্টার গলির একটি ভাড়া বাসায় থাকেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পরিচিত নাদিম নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে লিটন, ফারুক ও ইয়াসিন পাওনা টাকার বিষয়ে কথা বলার কথা বলে ওই গৃহবধূকে বাসা থেকে বাইরে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়, সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। পরে অপর দুইজনও পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাস্থলে আরও কয়েকজন পাহারায় ছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর স্বামী আসলাম মিয়া জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় অভিযুক্তরা। পরে রাত ৯টার দিকে তার স্ত্রীকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায় তারা। বাসায় ফিরে তার স্ত্রী পুরো ঘটনা খুলে বললে থানায় মামলা দায়ের করা হয়।

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।