কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১-এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগের কয়েকশ নেতা-কর্মী। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়া ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে ওসি বলেন, এ সময় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশকে রাবার বুলেট ছুড়তেও দেখা যায়।


