logo

‘তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব’

‘তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে, তারা যদি শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার না করে, তাহলে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি, ব্যাপারটা এমন ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব’ বলছি। তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব।

তিনি আরও বলেন, যারা ১২ তারিখের নির্বাচন বানচাল করতে চায়, তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দেব না। কারণ, বাংলাদেশের জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী, হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার। সেই চিঠিতে কী লেখা হবে, তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি। এ জন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন আব্দুল্লাহ আল জাবের।

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, তারা কেবল স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। আমাদের ওপর যখন হামলা হয়েছে, তখন সবাই নেমপ্লেট খুলে ফেলেছে।

তিনি আরও বলেন, কয়েকজন নারীসহ আন্দোলনকারীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। কয়েকজনের মাথা, মুখ ও হাতে গুরুতর আঘাত পেয়েছে। ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নেই যে আজ আহত হয়নি।